
ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী পালিয়ে যায়।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ১ নম্বর তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মোটরসাইকেলের এক আরোহীর কাছ থেকে একটি সচল লোহার তৈরি দেশীয় এলজি বন্দুক এবং দুই রাউন্ড সাদা রঙের কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের অপর দুই আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সিদ্দিকুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নুরজাহানপুর এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি বরাইল এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।