
নীতিনির্ধারকদের আশ্বাসে চিকিৎসা সেবাকে ‘মৌলিক অধিকার’ হিসেবে ঘোষণা করার প্রবণতা আমাদের দেশে নতুন নয়। সাম্প্রতিক সময়েও সরকারি হাসপাতালের পরিধি বাড়ানো বা নতুন আইসিইউ ইউনিট চালুর মতো কিছু প্রশংসনীয় উদ্যোগের পাশাপাশি ঘোষণা এসেছে যে, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়। নীতিগত এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই।
কিন্তু প্রশ্ন হলো, মাঠপর্যায়ের বাস্তবতায় সাধারণ মানুষ যখন হাসপাতালের বারান্দায় স্ট্রেচারের অভাবে ছটফট করে, তখন এই গালভরা ঘোষণা কি কেবলই উপহাস শোনায় না? বাস্তবতা হলো, আমাদের স্বাস্থ্য খাতের মূল সংকট আজ আর শুধু বাজেটের অভাব নয়, বরং এর রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধা চরম প্রশাসনিক অপেশাদারিত্ব ও সুশাসনের অভাব।
দেশের স্বাস্থ্য প্রশাসনের দিকে তাকালে একটি সমন্বিত ও জবাবদিহিমূলক ব্যবস্থার তীব্র ঘাটতি চোখে পড়ে। এখনও কাগজের ফাইলের আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকে জরুরি জীবনরক্ষাকারী ওষুধের ফাইল। দেশের ১৮টি জেলায় প্রায় ৮০টি সরকারি স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়ে পড়ে থাকলেও কেবল দক্ষ জনবল পদায়ন ও প্রশাসনিক তদারকির অভাবে সেগুলো আজ অচল ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে।
উপজেলা হাসপাতালগুলোতে পদের ৬০ থেকে ৭০ শতাংশ শূন্য থাকা এবং চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির পেছনেও রয়েছে দুর্বল তদারকি ও তদারককারী কর্মকর্তাদের উদাসীনতা। ইউনিয়ন স্বাস্থ্য সেবার কথা নাইবলি। বদলি, পদোন্নতি ও কেনাকাটায় দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক রূপ আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি, তা এই পুরো ব্যবস্থাকে ভেতর থেকে পঙ্গু করে দিয়েছে।
অন্যদিকে, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ ও নজরদারি এতটাই নড়বড়ে যে, সেবাপ্রাপ্তির নামে সাধারণ মানুষ প্রতিনিয়ত পকেটকাটার শিকার হচ্ছেন। কোনো সুনির্দিষ্ট নীতিমালা বা মূল্যের লাগাম না থাকায় সাধারণ নাগরিকেরা আজ অসহায়। চিকিৎসার ব্যয়ের ৭০ শতাংশই যখন নাগরিককে নিজের পকেট থেকে দিতে হয়, তখন বুঝতে হবে রাষ্ট্র তার নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাজার চলে গেছে সিন্ডিকেটের হাতে।
সরকার আগামী ২০২৮ সালের মধ্যে যে বড় ধরনের সংস্কারের রোডম্যাপ তৈরি করছে—৫,০০০ নতুন চিকিৎসক নিয়োগ কিংবা ‘স্মার্ট হেলথ কার্ড’ চালুর যে পরিকল্পনা—তা নিঃসন্দেহে ইতিবাচক। তবে প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত না করে এই বিশাল কর্মযজ্ঞের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো অসম্ভব।
শুধু নতুন অবকাঠামো তৈরি করলেই হবে না, সেখানে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং ওষুধের সঠিক বণ্টন নিশ্চিত করার জন্য একটি আধুনিক ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা এখন সময়ের দাবি।
চিকিৎসাকে কাগজের পাতা থেকে সাধারণ মানুষের প্রকৃত সাংবিধানিক অধিকারে রূপ দিতে হলে স্বাস্থ্য প্রশাসনের খোলনলচে বদলে ফেলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমলাতান্ত্রিক মানসিকতা পরিহার করে সেবামুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত হতে হবে। ২০৩০ সালের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য অর্জন কেবল তখনই সম্ভব, যখন প্রশাসনিক অদক্ষতা ও দুর্নীতির চিরতরে অবসান ঘটবে। ছামিউল আলম রাসু সাংবাদিক, অধিকার কর্মী