
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে বেতন বৃদ্ধিসহ নানা ন্যায্য দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ শনিবার দুপুর ২টা থেকে শত শত শ্রমিক একত্রিত হয়ে রাজপথে নেমে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
পল্লী বিদ্যুৎ এলাকা থেকে আন্দোলনের সূত্রপাত
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার পর থেকে শ্রমিকরা পল্লী বিদ্যুৎ মোড়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর অবস্থান নিলে ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগকারী এই ব্যস্ততম রুটটিতে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা পৌনে তিন ঘণ্টা ধরে স্থায়ী রূপ নেয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও আঞ্চলিক যানবাহনের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
পুলিশের চেষ্টা ও শ্রমিকদের অবস্থান
ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পোঁছায়। পরবর্তীতে কালিয়াকৈর থানার ওসি এবং জেলা পুলিশ সুপার (এসপি)-সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার বারবার চেষ্টা চালান। তবে শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকেন এবং সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান।
আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলা হলে তারা জানান, “আমাদের ন্যায্য দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই রাজপথ থেকে সরে যাব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
বর্তমান পরিস্থিতি
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে শ্রমিকদের অবস্থান বজায় রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক করতে কালিয়াকৈর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।