
মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ বুধবার আখাউড়া শহীদস্মৃতি সরকারি কলেজ মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আখাউড়া ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন আবদু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, “শেখ হাসিনার সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিএনপির নেতৃত্বে দেশবাসী আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া।
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।
স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কসবা-আখাউড়া নির্বাচনী এলাকার জনপ্রিয় নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির এ আন্দোলন প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে জনগণের ইচ্ছাই হবে সর্বোচ্চ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন। তারা সবাই দলের ঐক্য এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার আহ্বান জানান।
নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি
সম্মেলনে আখাউড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পুরো সম্মেলন মাঠ ছিল নেতা-কর্মীদের স্লোগানে মুখর। এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপির ভূমিকা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
দ্বি-বার্ষিক এই সম্মেলন আখাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। তারিখ- ২৭/১১/২০২৪ইং