
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবীতে সোমবার সকাল ৯ টা থেকে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশনের সামনের রেল লাইন সকাল থেকে অবরোধ করে রাখায় উত্তর বঙ্গের রেল যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এর নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রæত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। একই দাবীতে এর আগে আরও দু’দিন ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করে। ওই সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন। সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবী নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা কখন অবরোধ উঠিয়ে নিবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ লেখা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীরা জানান তারা আগামী ২০ ঘন্টা সময় বেধে দিয়েছে তাদের দাবী মেনে নেয়ার জন্য। তা না হলে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহন করবেন।