
।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় শীতের আগাম বার্তা নিয়ে আসে খেজুরের রস
সদর উপজেলার ফুলবাড়ী মাঠপাড়া এলাকার গাছিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় সরজমিনে গিয়ে দেখা যায় মোঃ পারভেজ ও তার তিনজন কর্মচারী খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত।
তিনি বেশ কয়েক বছর ধরেই খেজুরের রস সংগ্রহের কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই বছরেও খেজুরের রস সংগ্রহের কাজ শুরু করেছেন।
আশ্বিনের শেষের দিকে খেজুরগাছকে প্রস্তুত করতে হয় আহরণের জন্যে। গাছের বাকল কেটে ‘গাছ তোলা’ হয়। গাছ তোলা শেষে গাছ কাটার পালা।
কোমরে মোটা দড়ি বেঁধে ধারালো দা দিয়ে গাছি সপ্তাহের নির্দিষ্ট দিনে গাছ কেটে রস আহরণ করেন, এ অঞ্চলের মানুষ রস ও গুড় দিয়ে তৈরি করেন নানা ধরনের পিঠা। বানানো হয় নানা ধরণের পাটালি
আকৃতি, রং ও স্বাদে থাকে ভিন্নতা।
এখানকার মানুষ খেজুরের পাটালি বিশেষ পছন্দ করে। এই পাটালি পাঠানো হয় তাদের আত্মীয় -স্বজনকে। আর এই বিশেষ ধরনের পাটালি কেবল এখানকার কারিগররাই বানাতে পারেন। এর বৈশিষ্ট্য হচ্ছে বাইরে এই পাটালির আবরণ থাকে শক্ত।
কিন্তু ভেতরটা গলে যাওয়া মোমের মতো। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে, এই অঞ্চলের মাটি সাধারণত বেলে দো-আঁশ, আর পানিতে লবণাক্ততা নেই। ফলে গাছের শিকড় অনেক নিচে পর্যন্ত যেতে পারে।
সব মিলিয়ে জলবায়ু উপযোগী কুষ্টিয়ার ঢাকা ঝালু পাড়া , মিনাপাড়া ,ফুলবাড়ী মাঠপাড়া , জগতি, লাহিনী বটতলার খেজুরের রস সুগন্ধি ও সুস্বাদু হয়ে থাকে। কর্মচারীরা জানান বাংলা কার্তিক মাসের ১৫ তারিখ থেকে খেজুরের রস সংগ্রহের কাজ পুরোদমে শুরু হয়।
শীতকালীন পুরো সময়টাই খেজুরের রস, গুড় ও খেজুরের পাটারি প্রস্তুত করতে সার্বক্ষণিক ব্যস্ত থাকেন এই কর্মচারীরা।প্রত্যেকদিন সকালে ও সন্ধ্যায় টাটকা খেজুরের রস পাওয়া যায়।
অরজিনাল খেজুরের রস সংগ্রহ করতে প্রতিদিন শত শত লোক এখানে ভিড় জমায়। রাস্তার দুই ধারে সারি সারি খেজুর গাছ এই গাছ হতে রস সংগ্রহের প্রক্রিয়া চলমান। খেজুর রস শরীর আর মনও চনমনে রাখে।
খেজুরের রসে থাকে প্রচুর পরিমাণ আয়রন, ফলে রক্তাল্পতা দূর করতেও ভীষণ ভাবে সাহায্য করে। খেজুরের রস শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। শীতকালীন হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেও কাঁচা খেজুরের রস খেতে পছন্দ করেন অনেকে। কেউ আবার এ রসকে প্রক্রিয়াজাত করে পিঠা-পুলি, পায়েস, গুড় তৈরি করে খেয়ে থাকেন।
তবে শীতকালের খেজুরের রসই বেশি সুস্বাদু। শীত কমার সঙ্গে সঙ্গে রসের পরিমাণ ও মানও কমতে থাকে। খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। বাংলাদেশে যে খেজুর হয় তাতে যথেষ্ট শাঁস থাকে না বলে অনেকেই এটা খেতে খুব একটা পছন্দ করেন না।
তাই খেজুরের রসই আসল আকর্ষণ,খেজুরের রস থেকে তৈরি গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেজুরের গুড়ে আয়রন বা লৌহ বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। শারীরিক দুর্বলতা কাটিয়ে কর্মস্পৃহা ফিরিয়ে আনতে খেজুরের রস দারুণ উপকারী। একজন সুস্থ মানুষ সকালে এক থেকে দুই গ্লাস রস খেতে পারেন।
সকালে খালি পেটে খেলেও সমস্যা নেই। যেহেতু এটি এনার্জি ড্রিংক, তাই শরীরে শক্তি জোগাতে পরিমাণমতো রস খাওয়া ভালো। বড়ই আপসোস ও পরিতাপের বিষয়। আশঙ্কা করা হচ্ছে, দিনদিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। বৃক্ষ নিধনকারীদের নজর পড়েছে বেশ কিছুকাল আগে থেকেই। তারা উচ্চ মূল্য দিয়ে ইটভাটার জন্য খেজুরগাছ কিনছে।
অন্যান্য অর্থকরী ফসলের চাষাবাদের দরুন খেজুরগাছের ওপর মানুষের নির্ভরতা কমে গেছে। পরিকল্পিতভাবে খেজুরগাছ লাগানোর কোনো উদ্যোগও নেই। তবুও গাছিরা আছেন। ধারালো দা- এর কোপে বৃক্ষের বুক বিদীর্ণ করে বের করে আনেন মিঠা রস।
এখনো ‘গাঁও-গেরামের’ অভাবী সংসারেও রস, গুড়, পিঠা- পায়েসের ম-ম গন্ধে ভরে যায়। তাই এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে সকলের সম্মিলিত প্রয়াস প্রত্যাশা করেণ গা গ্রামের মানুষেরা।