
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ভর্তি থেকে শুরু করে ওয়ার্ডে নেওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের অবহেলায় নাম মাত্র সেবা পাচ্ছেন এমটি অভিযোগ ভুক্তভোগী রোগীদের।
গত শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টার সময় কুষ্টিয়া সদর হাসপাতালে গেলে দেখা যায় হাসপাতালে রোগীর পরিমাণ এত যে তিল ধারনের ঠাঁই নাই। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা অত্যাধিক পরিমাণ। পুরো হাসপাতাল জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ দুর্গন্ধে হাসপাতালে প্রবেশ করা কঠিন হয়ে যায় এর জন্য দায়ী কে? কুষ্টিয়া সদর হাসপাতালে যেখানে সেখানে ময়লার স্তুপ পড়ে থাকে দেখা যায়। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানান- “এখানে নিয়মিত ডাক্তার রাউন্ড দেয় না। সকালে একজন আসে, তো রাতে আর আসে না। আবার রাতে আসলে সকালে আসে না। আবার যে ডাক্তার কোন পরীক্ষা করাতে দিয়ে যায়, সে আর আসে না। এক ডাক্তারের দেয়া রিপোর্ট আরেক ডাক্তার দেখতে চায় না।” বিস্তারিত অনুসন্ধানে জানা যায়- কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি তাতে ডাক্তারদের সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবার এই বেহাল দশার কারণ সম্পর্কে জানতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকারের সাথে সরাসরি দেখা করলে তিনি জবাবদিহি প্রতিনিধি কে বলেন বর্তমানে দেশের আবহাওয়ার অবস্থা ভালো না হওয়ার কারণে দিন দিন রোগীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু রোগী বেশি পরিমাণে হাসপাতালে আসছে। তারা একটু সুস্থ হলে রিলিজ করে দেয়ার দু একদিন পরে পুনরায় আবার হাসপাতালে ভর্তি হচ্ছে এতে বীড়ম্বনার পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগীকে রিলিজ দেয়া হলেও বিপরীতে ভর্তি হচ্ছেন ৯০ থেকে ১০০ জন রোগী। এদিকে যেমন হাসপাতালের ডাক্তার সংকট অন্যদিকে হাসপাতাল পরিচ্ছন্ন কর্মীর সংখ্যাও কম। যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে সেই রোগীর সার্বিক সেবা প্রদানের পর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এতে অনেকাংশে রোগীর আত্মীয়-স্বজনেরা দায়ী। তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে। তাদের পরিবেশ সম্পর্কে তেমন জ্ঞান না থাকার কারণেই এমনটি ঘটে থাকে হাসপাতাল চত্বরে । তাই আমি সর্বোচ্চ চেষ্টা করছি হাসপাতালের সার্বিক পরিবেশ ঠিক রাখার জন্য। যদি সকলের মধ্যে গণ সচেতনতা তৈরি হয় তাহলেই আপনা আপনি এই হাসপাতালের পরিবেশ ঠিক হয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর আত্মীয় বলেন প্রতিদিন সকালে এবং রাতে ২ বেলা ২ টি ইউনিটে ভর্তি রোগীদের জন্য অন্তত দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের রাউন্ড দেয়ার কথা থাকলেও নিয়মিত রাউন্ড দেন না কোন চিকিৎসকই। পরীক্ষা করে রিপোর্ট হাতে পাওয়ার পর সেই রিপোর্ট আর কাউকে দেখাতে পারেননি তিনি।