
হাফিজুর রহমান ( যশোর ) প্রতিনিধি
যশোরের কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন দফাদারের বিরুদ্ধে রেজিস্ট্রেশনবিহীন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সহায় সম্বল বিক্রি করে টাকা দিয়ে চাকুরি না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।
জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার সাতবাড়িয়া গ্রামের জবেদ আলী দফাদার, লুৎফার রহমান দফাদার, আব্দুল হান্নান দফাদার ও কওছার আলী দফাদারের দান করা ১৯ শতক জমির ওপর ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন শামছুদ্দীন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়। ওই সময় এ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক, ৫ জন আয়া, ১ জন অফিস সহকারী, ১ জন পিয়ন ও ১ জন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়। ওই বিদ্যালয়টি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আবেদন করলেও প্রতিষ্ঠানটির অবস্থা প্রতিষ্ঠাকালীন থেকে নাজুক থাকায় রেজিস্ট্রেশন পায়নি। রেজিস্ট্রেশনবিহীন এ বিদ্যালয়ের সভাপতি শামছুদ্দিন দফাদার তার বৌমা সহকারী প্রধান শিক্ষক রেহেনা খাতুন ছাড়া প্রতি শিক্ষক পদের জন্য দেড় লাখ টাকা, অফিস সহকারী পদের জন্য এক লাখ, প্রতি আয়া পদের জন্য এক লাখ টাকা, পিয়ন পদের জন্য এক লাখ টাকা ও নৈশপ্রহরী পদের জন্য ১ লাখ টাকা নিয়ে নিয়োগ দেন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে চাকুরী পাওয়ার আশায় টাকা দিয়ে চাকুরী না পেয়ে ভ’ক্তভোগীরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
গত শনিবার সরেজমিনে গেলে সহকারি শিক্ষক আলমগীর হোসেন বলেন, আমিসহ আমার চাচাতো ভাই শরিফুল ইসলাম রাজু ও নাঈম হোসেন এ বিদ্যালয়ে চাকুরী পাবো এমন আশায় আমাদের পিতারা ১৯ শতক জমি দান করেন। বিদ্যালয়টি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ছাউনি ভেঙে পড়েছে। এ প্রতিষ্ঠানে জমি দান করেও তারা চাকুরী না পাওয়ায় তাদের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি আরো বলেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার তাদের দান করা জমির ওপর শামছুদ্দীন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষক, আয়া, অফিস সহকারী, পিয়ন ও নৈশপ্রহরী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দিন দফাদারের কাছে দেড় লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, চাকুরি না পেয়ে বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সামছুদ্দীন দফাদার বলেন, তার বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সম্পূর্ন মিথ্যা। কিছু টাকা নিয়েছি জমি রেজিস্ট্রি ও ক্লাস রুম তৈরীতে খরচ করার জন্য।
উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন বলেন, করোনার আগে ওই বিদ্যালয়ের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আবেদন করেছিল। সরেজমিন তদন্ত করে প্রতিষ্ঠানটির অবস্থা নাজুক থাকায় রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। তিনি আরো বলেন এ বিদ্যালয়ে চাকুরী দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।