
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন দারুসসালাম মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইমাননগর-মুজগুন্নী এলাকায় জুমআর নামাজ বাদ মুসাল্লিদের উপস্থিতিতে ওই মসজিদের উদ্বোধন করা হয়। আমেরিকা প্রবাসী আব্দুল আওয়ালের অর্থায়নে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এ মসজিদটি।
ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মসজিদের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন, রাজারহাটের খানকায়ে ওয়ারেছিয়ার পীরজাদা মাওলানা মাহমুদ আহমাদ। বিশেষ অতিথি ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল। এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা রেজাউল করিম মোড়ল, মসজিদের সাধারণ সম্পাদক সমাজসেবক আব্দুর রাজ্জাক মোড়ল, কোষাধ্যক্ষ শিক্ষক হাশেম আলী প্রমুখ।
আমেরিকাবাসী মো: আব্দুল আওয়াল বলেন পৃথিবীর সবচেয়ে সত্য মানুষের মৃত্যু,কেয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে,মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন।এই মসজিদ কমপ্লেক্স এর আওতায় আমাদের পরিকল্পনা, ইসলামি লাইব্রেরি, দ্বীনি দাওয়া কার্যক্রম,সকালে পাঠদান, স্বাস্থ্যসেবা, কোরআন হেফজ, শিশুশিক্ষা, এতিমখানা সহ আরও অন্যান্য কার্যক্রম করা হবে। মসজিদের সামনে পুকুরের চারপাশে ইটদিয়ে ঘাট করে লাইটিং এর ব্যবস্হা করা হবে। তিনি বলেন এই মসজিদ নির্মাণের জন্য আমি অর্থ দিয়ে সহোযোগিতা করেছি কিন্তু মসজিদের উপদেষ্টা পরিষদ ও এলাকাবাসীর সহোযোগিতা অক্লান্ত প্রচেষ্টায় আজ আল্লাহর রহমতে দৃষ্টি নন্দন হয়েছে। তিনি সকলকে ধন্যবাদ জানান। উপস্থিত সকল মুসল্লীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ ফখরুল ইসলাম।