
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে ঝড়ো বাতাস ও বৃষ্টির রাতে একটি পুরনো বটগাছ উপড়ে পড়ে চায়ের দোকানে। এতে দোকানের ভেতরে অবস্থানরত শাপলা বেগম (৩৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। ভাগ্যক্রমে বেঁচে যান তার স্বামী, চা দোকানি খোকা মিয়া (৫০), যিনি সেই সময় দোকানে উপস্থিত ছিলেন না।
শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম উপজেলার চকমাকড়া গ্রামের বাসিন্দা খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা বেগম সেদিন রাতে চায়ের দোকানে একাই কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘে ছেয়ে গেলে তিনি স্বামীকে ফোন করে তাড়াতাড়ি ফিরে আসতে বলেন। এর কিছুক্ষণ পরেই শুরু হয় তীব্র ঝড় ও বজ্রবৃষ্টি। সেই সঙ্গে দোকানের ওপর থাকা দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ বটগাছটি ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শাপলা।
খোকা মিয়া এসে স্ত্রীর নিথর দেহ গাছের নিচে দেখতে পান। এই মর্মান্তিক ঘটনায় পীরপল বাজার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বটগাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়রা একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলার ফলেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক ও ইউপি সদস্য রেজাউল করিম।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব বুলবুল ইসলাম।