
মো. মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে একজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা-বাগদা এলাকায় এ ঘটনা ঘটে। সন্দেহজনকভাবে ঘোরাফেরার একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করলে এক ডাকাত সদস্য ধরা পড়ে, বাকিরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির নাম আয়নাল (৪৫), তিনি গাইবান্ধার ফুলছড়ি থানার কৃষ্ঠমনি কাবিলের চর এলাকার বাসিন্দা।
এর আগে, বিকেলে কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকা থেকে রায়হান নামে আরও এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। তিনি কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আয়নাল ও তার সহযোগীরা ডাকাতির উদ্দেশ্যে এলাকায় অবস্থান নিলে সন্দেহ হলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় আয়নালকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে রাখে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।