
মো. মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত মেসার্স জেএফ এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মাসুদুর রহমান পাওনা টাকার দাবিতে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বুধবার দুপুর ২টায় গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
মাসুদুর রহমান তার বক্তব্যে জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে জেএফ এন্টারপ্রাইজ ট্রান্সকম বেভারেজের ডিলারশিপ গ্রহণ করে ব্যবসা পরিচালনা শুরু করে। দীর্ঘ প্রায় এক বছর ধরে ব্যবসা চালানোর পর ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত তাদের বকেয়া পাওনা দাঁড়ায় প্রায় ৩৮ লক্ষ টাকা। তিনি আরও জানান, সেই সময়ে কোম্পানির রিজিওনাল ম্যানেজার ছিলেন মো. মাকসুদুল হক। তার তত্ত্বাবধানে ২৩ লক্ষ টাকার পণ্য সরবরাহ করে পাওনার একটি অংশ পরিশোধ করা হয় এবং বাকি ১৫ লক্ষ টাকা পরবর্তীতে পরিশোধ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, রিজিওনাল ম্যানেজার মাকসুদুল হক বদলি হয়ে চলে যাওয়ার পর তার স্থলে যোগদান করেন হাসান মুনছুর। নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পাওনা পরিশোধে নানা অজুহাতে গড়িমসি করতে থাকেন। একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি টালবাহানা করতে থাকেন এবং পাওনা পরিশোধে অনীহা দেখান।
একপর্যায়ে, মাসুদুর রহমান বগুড়ার ডিপো অফিসে গিয়ে পাওনা টাকার বিষয়ে আলোচনার জন্য হাসান মুনছুরের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন হাসান মুনছুর উল্টো তার কাছে ২ লক্ষ ১৫ হাজার টাকা দাবি করেন। মাসুদুর রহমান এই অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে হাসান মুনছুর তাকে ভয়ভীতি প্রদর্শন করে অফিস থেকে বের করে দেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে মাসুদুর রহমান গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানায় হাসান মুনছুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কাছে দ্রুততম সময়ের মধ্যে তার পাওনা ১৫ লক্ষ টাকা পরিশোধের দাবি জানান। পাশাপাশি, হাসান মুনছুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেএফ এন্টারপ্রাইজের পার্সেল ম্যানেজার শফিউজ্জামান শীতলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।