
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযানে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। গাঁজাসহ মোটরসাইকেলে থাকা জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৫ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার মোড়ের চারমাথা এলাকা থেকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ও সিটের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারটারী গ্রামের বজলার রহমানের পুত্র ফারুক হোসেন (২৯) এবং একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)। তারা সম্পর্কে জামাই ও শাশুড়ি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।