
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, সীমকার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইসসহ দুইজন চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত সোমবার দিবাগত রাতে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় ওই গ্রামের আজিজার রহমানের পুত্র মাসুম বিল্লাহ (২৫) ও নেছাম উদ্দিনের পুত্র বুলু মিয়াকে (৫০)।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম—নগদ, বিকাশ ও রকেট-এর অ্যাকাউন্ট হ্যাক করে অসহায়, দরিদ্র ও সুবিধাভোগী পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালায়। অভিযানে মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ ৪ হাজার ৪৯২ টাকা, ২,২৫৪টি সীমকার্ড, সিসিটিভি ক্যামেরা, ২টি হার্ডডিস্ক, ৭টি মোবাইল ফোন, একটি টাকা গোনার মেশিন, ১৯ পিস ইয়াবা ও বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদক ও প্রতারণা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্যান্যদের খোঁজে অভিযান অব্যাহত থাকবে।”