
মো. মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আনিসুর রহমান (৪০), যিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।
থানা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালান। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি জিআর ২৩/২৫ নম্বরে নথিভুক্ত হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা বলেন, “মাদকসহ আটক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।