
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর গ্রামে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত গুচ্ছগ্রামটি বর্তমানে চরম হুমকির মুখে। স্থানীয় সূত্রে জানা যায়, গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকা থেকে একটি বেসরকারি কোম্পানি পঞ্চাশটিরও অধিক এমপি-৩ ট্রাক্টরের মাধ্যমে দিনরাত মাটি ও বালু কেটে নিয়ে যাচ্ছে।
এতে করে গুচ্ছগ্রামের ভৌগলিক কাঠামো এবং স্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কোম্পানিটি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে এই অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
এলাকার সচেতন নাগরিকরা বলছেন, এটি শুধুমাত্র একটি সরকারি প্রকল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না, বরং পরিবেশ ও প্রতিবেশকেও হুমকির মুখে ফেলছে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের প্রশ্ন—”কাকে কী বলবো? সবাই যেন এখন নতুন স্বাধীনতার স্বাদে মাতোয়ারা।”
এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং কোটি টাকার এই প্রকল্পকে রক্ষা করতে পারে কি না।