
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে অপহৃত রিফাত মিয়াকে (১৯) উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি যৌথ বাহিনী। এ সময় মূল অভিযুক্ত রেজাউল (৩২) কে কসবা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজাউল কসবা পৌরসভার দক্ষিণ কসবা গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, ডিজিএফআই (DGFI) পরিচয়ে রিফাতকে অপহরণ করা হয়। নবীনগর থানার ওসি বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে এসআই ফারুককে দায়িত্ব দেয়া হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভিক্টিম উদ্ধার ও রেজাউলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল তার দোষ স্বীকার করেছে বলে জানান ওসি।
অপহৃত যুবকের আত্মীয় মিঠু জানান, ৮ এপ্রিল রাতে আহমেদপুর গ্রামে ডিজিএফআই পরিচয়ে একদল লোক এসে রিফাতকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অপহরণ প্রতিহত করতে ব্যর্থ হয়।
রিফাতের বাবা শহিদুল ইসলাম মালু অভিযোগ করে বলেন, “ঘটনার পরপরই আমি পুলিশের সহায়তা চাই এবং মাইকিং করার কথা বললেও ওসি আমাকে নিষেধ করেন। পুলিশ সামনেই দুর্বৃত্তরা তল্লাশি চালিয়ে ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায়।”
তিনি আরও জানান, রাত ৩টার দিকে তার মোবাইলে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন সকালে রিফাতের মায়ের ফোনে কল দিয়ে মুক্তিপণের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা দাবি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক জানান, ভিক্টিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া । তারিখ- ৯.০৪.২০২৫ইং