
বিশেষ প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে হেলেঞ্চা বন বিভাগের লিজ নেওয়া জমিতে কৃষকের রোপন কৃত কলাগাছ ও ইউক্লিপট্যাস গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন বিএনপির নেতা সহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।এমনকি কৃষকের জমি সংলগ্ন হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ২০টি কাঁঠাল গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ও উঠেছে।
মঙ্গলবার (১৯নভেম্বর)সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কৃষক মোঃ আল রাব্বী (৪৯) ৬ বছর পূর্বে হেলেঞ্চা বনবিট থেকে ৩৬ শতাংশ জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে ২০০ কলাগাছ, ২০টি কাঁঠাল গাছ,৪৫টি ইউক্লিপট্যাস গাছ রোপণ করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাতের আঁধারে কয়েকদিন থেকে ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহআলমের নেতৃত্বে মনোয়ার মুন্সি, সুলতান, হাবিবুর, ডাঃ লাবিব, মেজবাহুল সহ কয়েকজন বিভিন্ন সময়ে গাছ গুলো কেটে ফেলে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন।
স্থানীয় রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন বিএনপির নেতা শাহ আলম এই গাছ গুলো কেটে নিয়ে গেছে। শুধু গাছ কর্তন নয় রাজনৈতিক পরিচয় বহন করে চাদাবাজি,লুটপাট,মিথ্যা মামলার হুমকি দেখিয়ে গ্রামের অসহায় লোকদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে করতেন। তাছাড়া এলাকার নানা অপকর্মে হাত রয়েছে তার।
ভুক্তভোগী কৃষক আল রাব্বী কাঁন্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন অসহায় মানুষ। গাছগুলোতে কলা এসেছিলো। এখান থেকে বনবিভাগ এবং সরকার উভয়ে রাজস্ব পেতো। কিন্তু একটি মহলের ইন্ধনে আমার সর্বনাশ হয়ে গেলো। তিনি আরো ও বলেন, শাহআলমের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। সে সবসময় বিএনপি নেতা পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে।
হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল ইসলাম বলেন, আমার মাঠের কাঠাল গাছ কেঁটেছে ওঁরা। প্রতিবারে অসংখ্য কাঠাল ধরতো গাছগুলোতে। যারা এ কাজগুলো করেছে আমি তাদের বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত শাহআলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাদের যা লেখার আছে আপনার লেখেন। আমার তাতে কিছু যায় আসে না। বেশি বাড়াবাড়ি করলে বিপদ আছে।
বন বিট কর্মকতা রুহুল আমিন জানান, ৬বছর আগে আল রাব্বীকে ১০বছরের জন্য ৩৬শতাংশ জমি লিজ দেওয়া হয়েছিল। সেগুলো গাছ লাগিয়েছিল তিনি। আজ জানতে পারলাম গাছ গুলো কে বা কাহারা রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে। পরামর্শ দিয়েছি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করতে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশচন্দ্র বর্মন জানান, বিষয়টি আমি অবগত আছি। যে কেউই এ কাজের সাথে জড়িত থাক না কেনো তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।