
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিক ইদ্রিস আলী তার কর্মস্থল মন্ডল গ্রæপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে কেমিক্যাল পানে আত্মহত্যা করে। তার মৃত্যুর একদিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ। অপর দিকে শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কারখানার দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এলাকাবাসী, কারখানার কর্তৃপক্ষ-শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার স্থানীয় মন্ডল গ্রæপের মনট্রিমস কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানার পোশাক শ্রমিক ইদ্রিস আলী নাইট ডিউটিরত অবস্থায় গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর ফেসবুক আইডিতে কারখানায় অনিয়মের অভিযোগ তুলে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি কারখানার সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাসায়নিক দ্রব্যজাতীয় কিছু (কেমিক্যাল) পান করে আত্মহত্যা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ওই কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত শুক্রবার রাতেই ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকালে কারখানাটি চালু হলে প্রধান ফটকের সামনে একটি নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। সেখানে লেখা আছে, আমাদের সহকর্মী মো. ইদ্রিস আলীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক প্রকাশ করে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মনট্রিমস্ কারখানা কর্তৃপক্ষের নোটিশ দেখে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। ওই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই দুই কর্মকর্তা কারখানায় যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের ওপর অত্যাচার করে আসছিলেন। এজন্য আমরা মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করতেন। আর আমাদের সহকর্মীর আত্মহত্যার জন্য যে দুই কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। আর যেহেতু ওই কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি হয়েছে, সেহেতু আমরা আন্দোলনে না গিয়ে কাজে যোগ দিয়েছি। আশা করছি, এর সঠিক বিচার হবে। ওই কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার জানান, ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকাল থেকে কারখানা খুলে দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এব্যাপারে কালিয়াকৈর থানার অপারেশন ওসি যোবায়ের আহম্মেদ জানান, কারখানা এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। নিহতের স্বজনেরা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়িতে গেছেন। তারা ফিরলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।