
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক ও রোজিনা খাতুন (৩৩) নামের এক গৃহিণীকে রাত ভর গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শনিবার (৩১ আগষ্ট) সকালের দিকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
অভিযুক্ত শহিদুল সদকী দাখিল মাদ্রাসার বাংলা শিক্ষক ও তাঁর বাড়ি রাজশাহী জেলায়। আরেক অভিযুক্ত গৃহিণী রোজিনা উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামের শাহিন আলীর স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা গেছে, গৃহিণী রোজিনার স্বামী ঢাকায় হকারের কাজ করেন। মাদ্রাসা শিক্ষক শহিদুল দীর্ঘদিন ধরে বাড়িতে এসে তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন। পড়াতে এসে ওই গৃহিণী ও শিক্ষক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। ওই শিক্ষক শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গৃহিণীর ঘরে ঢোকেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাঁদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। সে সময় উৎসুক জনতা তাঁদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাতভর মারধর করেন। গৃহিণীর বাড়িতে উৎসুক জনতার ভিড় করে।
এ সময় মাদ্রাসাশিক্ষক শহিদুল ইসলাম জানান, প্রাইভেট পড়াতে এসে তিনি ছাত্রের মায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে বাড়িতে আসলে জনগণ তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে।
গৃহিণী রোজিনা খাতুন জানান, শিক্ষকের কাছে তার ছেলে প্রাইভেট পড়ে অনেক দিন। তবে আজই প্রথম রাতে বাড়ি এসেছেন স্যার।
এ বিষয়ে সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ জানান, লোকমুখে ও ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তাদের মারধরও করা হয়েছে। এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার করা হোক।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, এক মাদ্রাসাশিক্ষক ও এক নারীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল উৎসুক জনতা। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।