
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দুপুরে এক পল্লিবিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর করেছে হামলাকারীরা। তাদের হামলায় এক লাইনম্যান আহত ও এক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। এসময় হামলাকারী একজনকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এলাকাবাসী, পল্লিবিদ্যুৎ অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক জোনাল অফিসের আওতায় ফুলবাড়িয়া সাব বিদ্যুৎ অফিসে এ হামলার ঘটনা ঘটে। গত বুধবার রাতে বৃষ্টি ও ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্থ হয়। এ কারণে বিভিন্ন এলাকার মতো উপজেলার বাঘাইর গ্রামেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ ক্ষোভে ওই এলাকার কাইছার ও শামীমের নেতৃত্বে ১০/১৫ লোক বৃহস্পতিবার দুপুরে একটি পিকআপ ভাড়া করে লাঠিসোটা নিয়ে ফুলবাড়িয়া পূর্বপাড়া এলাকায় ওই বিদ্যুৎ অফিস ও তাদের ভাড়া বাসায় হামলা চালায়। হামলা চালিয়ে ওই বিদ্যুৎ অফিস ও একটি মোটরসাইকেল ভাংচুর চালায় হামলাকারীরা। তারা মোতালেব নামে এক লাইনম্যানকে মারধর করে গুরুতর আহত করে। এসময় ওই বিদ্যুৎ অফিসের এজিএম রায়হান হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হামলাকারীরা। খবর পেয়ে স্থানীয় জনতা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে কাওসার নামে এক হামলাকারীকে আটক করে। পরে আটককৃতকে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এছাড়াও স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় লাইনম্যান মোতালেবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে মৌচাক জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ওই ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।