
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে মৌচাক পুলিশ ফাড়ি থেকে মাত্র একশত মিটার পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তর পাশে যুবকককে ছুড়িকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত যুবক তাজবির হোসেন শিহান(২৬) কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়া ও মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শিরীণ জামান শিল্পীর ছেলে। নিহত শিহান রাজধানীর উত্তরা এলাকার একটি কল সেন্টারে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে ৫ জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে গিয়ে তাকে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।