
ইমাম হাসান সোহান, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌষ মাসে বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পিঠালী বা মেন্দা । মুলত গরু বা খাসির মাংস প্রয়োজনীয় তেল মসলায় মাখিয়ে পানিতে দীর্ঘ সময় জাল দিয়ে নির্দিষ্ট সময় পর চাউলের গুঁড়া মিশিয়ে রান্না করা তরকারিই হলো পিঠালী বা মেন্দা । টাঙ্গাইলের বিশেষ করে উত্তর টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী জামালপুর জেলার জনপ্রিয় খাবার এই পিঠালী বা মেন্দা । বড় বড় অনুষ্ঠান যেখানে নিমন্ত্রণে অনেক লোকসমাগম হয় সেই সব অনুষ্ঠানে যেমন মজলিস বা কুলখানি, মৃত্যু বার্ষিকী, বিয়েশাদী, সুন্নতে খৎনা সহ যে কোন সামাজিক অনুষ্ঠানে এই পিঠালী বা মেন্দা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় । কলাপাতায় এই পিঠালী বা মেন্দা ভাতের সাথে ভিন্ন রকম সৌন্দর্য তৈরি করে । সময়ের পরিবর্তনে বা যান্ত্রিক যুগে কলাপাতার পরিবর্তে প্লাস্টিকের ওয়ান টাইম থালায় পিঠালী বা মেন্দা ভাতের সাথে পরিবেশন করা হয় । পৌষ মাঘে এসে এই সব সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি পেয়েছে । কুয়াশা ঢাকা ভোরে দল বেঁধে মানুষ আসে এই পিঠালী বা মেন্দা খাওয়ার জন্য । সারা রাত রান্নার কাজে অনেক লোক অংশগ্রহণ করে থাকে এই সব অনুষ্ঠানে । টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের চালাষ নিবাসী আব্দুল হাকিম বলেন , ‘ আমি শখের বসে এক যুগের অধিক সময় ধরে এই পিঠালী/মেন্দা রান্না করে যাচ্ছি । বড় পিতলের পাতিলে লাকড়ির চুলায় এই পিঠালী/ মেন্দা রান্না করতে প্রয়োজন হয় গরু/ খাসির মাংস, পেঁয়াজ, রসুন,আদা , কাঁচা মরিচ, সরিষার তেল, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা , রাঁধুনি সজ ,ধাইনা সজ , সব ধরনের গরম মসলা, লবণ সহ প্রয়োজনীয় উপকরণ । প্রথমে তেল মসলায় মাংস ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তিন ঘণ্টার অধিক সময় জ্বাল দিতে হবে । তারপর চাউল এর গুঁড়া মিশিয়ে দিতে হবে । এরপর তেল পাঁচফোড়ন গরম করে সমবার দিলেই রান্না শেষ হবে । পিতলের পাতিলে পিঠালী/ মেন্দা রান্না করতে পারলে সেরা স্বাদ পাওয়া যায় ‘।