
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলের ভেতরে ঢুকে রোববার সকালে এক বশীর উদ্দিন নামের এক শিক্ষককে পেটালেন যুবদল নেতাকর্মীরা। এসময় তাকে উদ্ধার করতে গেলে যুবদলের এক নেতাকেও মারধর করেন হামলাকারীরা। গাজীপুর জেলা যুবদলের যগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার ইছাক উদ্দিনের ছেলে মোহাম্মদ বশির উদ্দিন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলের সহকারী শিক্ষক। অপর আহত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহব্বায়ক ও আটাবহ ইউনিয়ন যুবদলের নেতা রেজভী আহম্মেদ রাজীব। এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ আহত শিক্ষক সূত্রে জানা গেছে, গত ১৪ই আগস্ট কিছু লোক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলে যায়। সেখানে গিয়ে তারা নানা অভিযোগ তুলে ওই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিনকে পদত্যাগ পত্রে জোরপূর্বক স্বাক্ষর করায়। ওই সময় তারা তাকে হুমকি-দমকি দিয়ে স্কুল থেকে তাকে বের করে দেয়। পরের দিন ১৫ আগস্ট ওই শিক্ষক কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন। এরপর ১৮ আগস্ট স্কুলে যান ওই শিক্ষক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হলে তদন্ত প্রতিবেদন ওই শিক্ষকের পক্ষে যায়। ওই প্রতিবেদনটি বাদী পক্ষের সন্তেুাষজনক না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুনঃতদন্তের জন্য আবেদন করেন । এরপর গত ১ জানুয়ারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানকে প্রধান করে অপর একটি পুনঃতদন্ত কমিটি করা হয় এবং তদন্ত চলমান অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে যুবদল নেতা রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন লোক ওই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে। পরে তারা ওই সহকারী শিক্ষককে টেনেহেচড়ে বাইরে বের করে এবং রড, লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় ওই শিক্ষকের সাবেক ছাত্র ও যুবদল নেতা রাজীব তার শিক্ষককে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ওই শিক্ষকের বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তার ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। ওরা আমাকেও বকাঝকা হুমকি দিয়েছে। আমিও আতঙ্কে আছি। তবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। এব্যাপারে গাজীপুর জেলা যুবদলের আহব্বায়ক আতাউর মোল্লা জানান, ওই বিষয়টি শুনেছি। কিন্তু এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা শুনেছি। তবে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।