
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা, যা উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ, প্রভাষক বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, মাই টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবু, পাবলিক লাইব্রেরির প্রতিনিধি বিপ্লব মুনসহ আরও অনেকে।
উদ্বোধন শেষে অতিথিরা মেলায় ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং মেলায় অংশগ্রহণকারী লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এবারের বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার বই ছাড়াও কুটির শিল্প ও শিশু-কিশোরদের আকর্ষণীয় নানা পণ্যের ২০টি স্টল স্থাপন করা হয়েছে।

বইমেলার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়, যা মেলার প্রাণবন্ত পরিবেশে নতুন মাত্রা যোগ করে। তিন দিনব্যাপী এই বইমেলা বইপ্রেমী ও সাহিত্য অনুরাগীদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।