
মনোয়ারুল ইসলাম,গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের দক্ষিণ পলুপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের বাড়ি ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। ০১/০৪/২৫ ইং মঙ্গলবার রাত ৯টার দিকে আকবার আলীর ছেলে কৃষক আব্দুস সোবাহানের বাড়িতে এই আগুন লাগে। ঘটনায় তার ৩টি বসতঘর, গোয়ালঘর এবং গোয়ালঘরে থাকা ২টি গরু পুড়ে মারা যায়। প্রাথমিক ধারণা অনুযায়ী, গোয়ালঘরে মশা নিধনের জন্য ব্যবহার করা কয়েল থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ইউনিট লিডার মুক্তি মাহমুদের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই কৃষক সোবাহানের প্রায় ৩ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় মর্মাহত আব্দুস সোবাহানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে, ফায়ার সার্ভিসের তদন্তে আগুনের কারণ হিসেবে গোয়ালঘরের মশার কয়েলকেই দায়ী করা হয়েছে। এই ঘটনায় কৃষক পরিবারটি এখন রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েছে। এলাকাবাসীরা জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য কামনা করছেন।