
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর রাজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামা হত্যাকান্ডের প্রধান তিনজন আসামীকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র্যার-৫ এর সদস্যরা।
ঘটনা সূত্রে র্যার-৫ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, নিহত ভিকটিম সুরুজ (৪৫) এর সহিত এজাহারনামীয় আসামীদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। গত ইং ১১ এপ্রিল তারিখে নিহত ভিকটিম সঙ্গে থাকা অপর চারজন সহযোগী সহ রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড় থেকে নতুন বিল শিমলায় যাওয়ার পথে উক্ত তারিখ আনুমানিক ৬টার সময় ঘটনাস্থল রাজপাড়া থানাধীন বহরমপুরস্থ সিটিবাইপাস ঘোড়াচত্তর নামক স্থানে পৌছালে উল্লেখিত এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাত নামা ৪/৫ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে পূর্ব-পরিকল্পিত ভাবে ভিকটিম সুরুজ আলী সহ সাথে থাকা অন্যদেরকে পথরোধ করে জমিজমা বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা করে।
এরপরে কথা-কাটাকাটির এক পর্যায়ে এজাহারনামীয় ২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী ইট দিয়ে ভিকটিমের মাথা আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিম মাটিতে পড়ে গেলে বিবাদীগণ বুক-পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে।
উক্ত ঘটনাটি দেখে স্থানীয় লোকজন উপস্থিত হলে উক্ত আসামীগণ দ্রুত পালিয়ে যায়।
উক্ত নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়।
উক্ত ঘটনায় রাজপাড়া থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ হিরা (৪০), মোঃ আশরাফ আলী (৪৫), উভয় পিতা মৃত-আনিচুর রহমান, ও মোছাঃ জাহানারা বেগম(৫০), স্বামী-মৃত আনিচুর রহমান সর্বসাং-বহরমপুর ব্যাংক কলোনী শেষ মাথা, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরদের‘কে অদ্য ইং ১৪ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক তিনটার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।