
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৫-এস হতে আনুমানিক ৬.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন দুমরীর মোড় নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২২টি ভারতীয় গরু এবং ২টি নসিমন গাড়ী আটক করে কাস্টমে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর পক্ষ থেকে আজ ২১ মে বিকাল সোয়া ৬টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে,
আজ ২১ মে ২০২৫ তারিখ সাড়ে ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ওই ২২টি গরু ও ২টি নছিমন আটক করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, বাংলাদেশী চোরাকারবারীরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার করে রাজশাহীস্থ সিটি হাটে চড়া দামে বিক্রির জন্য নিয়ে আসার সময় বিজিবি’র টহল দলের কাছে গরুগুলো আটক হয়।
ভারতীয় গরুগুলো আটকের পর রাজশাহীস্থ সিটি হাটের ইজারাদার, গরু ব্যবসায়ী ও চোরাকারবারীরা রাজশাহীর শালবাগানে অবস্থিত ১ বিজিবির মেইন গেইটে হাজির হয়ে গরুগুলো দেশীয় উল্লেখ করে সেগুলো পাওয়ার জন্য বিশৃঙ্খলা করার চেষ্টা করে। কর্তব্যরত বিজিবি সদস্যগন তাদেরকে বুঝিয়ে এলাকা ত্যাগ করার অনুরোধ জানালে তারা সেখানে অবস্থান করে। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি হাট এর ইজারাদারসহ কয়েকজন বিজিবির উর্ধতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন। উক্ত গন্যমান্য ব্যক্তি ও হাটের ইজারাদার রাজশাহীতে ভারতীয় গরু আর প্রবেশ করতে দেয়া হবে না মর্মে আশ্বস্থ করেন।