
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় “ভাই ভাই সমবায় সমিতি” নামক একটি প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
৪ জুলাই দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযান চলে রাতভর। আটককৃতরা হলেন—সুদোরু আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন।
এদের বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।