
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পায়েল (২৪), তিনি ওই এলাকার আত্তাব আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ ঘরে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় পায়েলের দুই হাত ও দুই পায়ে শিকল ও বেরি বাঁধা অবস্থায় ছিল বলে জানা যায়।
পুলিশের প্রশ্নের জবাবে পরিবারের সদস্যরা জানান, পায়েল মাদকাসক্ত ছিল এবং প্রায়ই চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ত। এসব কারণেই তার হাত-পায়ে শিকল ও বেরি লাগানো হয়েছিল।
তবে এ মৃত্যুকে ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয়রা বলছেন, শরীরের বিভিন্ন অংশে শিকল বাঁধা একজন যুবক কীভাবে ঘরের তীরে দড়ি বেঁধে আত্মহত্যা করলো—তা রহস্যজনক এবং তদন্ত দাবি করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “পরিবারের দাবি অনুযায়ী এটি আত্মহত্যা বলে মনে হলেও, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”