
মো: জনি হাসান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে নেতাদের ছবি সম্বলিত পোস্টার ছিড়ে ফেলা হয়েছে এমন অভিযোগে প্রকাশ্যে এক মানসিক ভারসাম্যহীন ও শারিরিক প্রতিবন্ধীকে বেধড়ক পিটিয়েছেন এক যুবলীগ নেতা। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভবানীপুর বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী লিটন (৪০), তার বিস্তারিত নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি ভবানীপুর বাজার এলাকার আশপাশে ঘুরাফেরা করেন। লিটনকে মারধর করেছেন সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় যুবলীগের প্রচার সম্পাদক সোহেল রানা (৩০)। তিনি ওই এলাকার মৃত আলমের ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, লিটন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনি ভবানীপুর বাজার এলাকার আশপাশে ঘুরাফেরা করেন। বাজারের লোকজনের কাজ থেকে চেয়ে ও টাকা তুলে তার দিন চলে। স্থানীয়রা আরো জানায়, বুধবার সন্ধ্যায় লিটনকে সামনে পেয়ে যুবলীগ নেতা সোহেল রানা লিটনের কাঠের তৈরি স্ক্র্যাচ (যাতে ভর দিয়ে সে চলে) কেড়ে নিলে সে মাটিতে পরে যায়। এসময় সোহেল রানা লিটনের স্ক্র্যাচ দিয়ে বেধড়ক পেটায়। পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, স্ক্যাচের উপর ভর দিয়ে সড়ক চলাচল করছিলেন লিটন। এসময় ওই যুবলীগ নেতা দৌড়ে এসে লিটনকে বকাঝকা শুরু করে। পরে লিটনের হাতে থাকা কাঠের তৈরী স্ক্র্যাচটি কেড়ে নিলে সড়কের উপর পরে যায়। এ অবস্থায় স্ক্র্যাচ দিয়ে লিটনকে বেধড়ক পেটাতে শুরু করে লিটন, এসময় স্থানীয় এক ব্যক্তি বাধা দিতে চেষ্টা করেন। অপরদিকে লিটন মাটিতে বসা দুই হাত দিয়ে স্ক্র্যাচের আঘাত ফেরানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আরও বেশি পেটাতে শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় ব্যক্তিটি চলে যায়। একা মাটিতে পরে থেকে লিটন মার খেয়ে একসময় চুপসে যায়। পরে স্ক্র্যাচ দিয়ে আরও কয়েকটি পটনি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এবিষয়ে যুবলীগ নেতা সোহেল রানা বলেন, ওই ব্যক্তি মাদকাসক্ত। সে চুরিসহ এলাকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার ছবি সম্বলিত সাটানো পোস্টার ছিড়ে ফেলেছে। এ বিষয়ে আমি তাকে জিজ্ঞেস করলে সে অন্য এক ব্যক্তির নাম বলে জানায়, ওই ব্যক্তির কথায় সে পোস্টার ছিড়েছে। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। এতে আমি তাকে চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেই।
তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে আমি লিটনের সামনে পড়লে সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।
তুই আমাকে মেরেছিস, ইত্যাদি বলে আমাকে হুমকি দেয়। পরে আমি তাকে বারি দিয়ে ছেড়ে দিয়েছি।তিনি আরও অভিযোগ করেন, ওই লিটন অনেক খারাপ প্রকৃতির লোক। বেশ কিছুদিন আগে সে গাজীপুর মহানগরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়লে স্থাণীয়রা তাকে মারধর করে তার পায়ের উপর গাড়ি তুলে দেয়। এতে তার একটি পা কেটে ফেলেতে হয়। এখন সে লাঠি ভর দিয়ে চলে।ঘটনার বিষয়ে গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাফ হোসেন বলেন, গাজীপুরের সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ভেঙ্গে দিয়েছি। তাই বর্তমানে প্রচার সম্পাদক পদে থাকার কোন সুযোগ নেই। তিনি হয়তো ভেঙ্গে দেয়া কমিটির পরিচয় দিয়ে চলছেন। আমরা বিষয়টির খোঁজ নিয়ে দেখবো।
এবিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিনের মোবাইল ফোন একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। তবে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।