
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রুয়েটের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।এতে রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী অনেক যানবাহন।
এর আগে, তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে।
ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদেরকেও হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে জানা গেছে, শাহবাগ অবরোধের একপর্যায়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে জলকামান ব্যবহার করা হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো-১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা।
এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে।