
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার অনুসারী গ্রুপের সঙ্গে একই গ্রামের সাচ্চু মিয়ার গ্রুপের বিরোধ চলে আসছিল। আধিপত্য নিয়ে চলমান এ বিরোধের জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হন। এর মধ্যে প্রতিপক্ষের হামলায় সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন গুরুতর আহত হয়ে মারা যান। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিরোধপূর্ণ পরিস্থিতি নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় এমন সহিংস ঘটনা ঘটেছে। চলমান পরিস্থিতিতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।