
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ আন্ত: জেলা মাদক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা ।
গ্রেফতারকৃত মাদক চক্রের সদস্যরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক মধ্যপাড়া এলাকার শামসুল আলীর ছেলে আসারুল ওরফে রনি(২১) ও সিরাজগঞ্জ জেলা সদর থানার সিরাজগঞ্জ এলাকার হযরত আলী শেখের মেয়ে ও মৃত লিয়াকত আলীর
স্ত্রী মোছাঃ জাহানারা (৫০)।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে আলামত হিসাবে হেরোইন-৬৪০ গ্রাম, প্রিন্টার-১টি, মোবাইল-২টি উদ্ধার করা হয় ।
র্যাব-৫ আজ সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর সোয়া ১২টায় রাজশাহী মহানগরীর বোয়ালিা থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ হিরোইনসহ মাদক ব্যবসায়ী আসারুল @ রনি ও জাহানারাকে আটক করেন।
র্যাব আরোও জানায় যে,
ধৃত ২নং আসামি জাহানারা বেগম (৫০) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার ট্রেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করতঃ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ডেলিভারি করে আসছিলো।
এছাড়া ধৃত ১নং আসামি মোঃ আসারুল ওরফে রনি‘র বাড়ী গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগমসহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ইতিপূর্বের ধারাবাহিকতায় সে আজকেও সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেন যোগে রাজশাহীতে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ধৃত ১নং আসামির কাছে থাকা ১টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।