
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী পবায় অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর পবা থানার কয়রা এলাকার আঃ রহিমের ছেলে কোরবান আলী (৪০) ও মাড়িয়া এলাকার মৃত ইয়াকুবের ছেলে মোকছেদ (৫৫)।
এ সময় আলামত হিসাবে অ্যালকোহল-১০৮ বোতল (১০.৮ লিঃ), মোটরসাইকেল ১টি, মোবাইল-০১টি, সীম ১টি উদ্ধার করেন ।
র্যাব-৫ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, গত
২৬ অক্টোবর ২০২৫ তারিখ রাত সাড়ে বারোটায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন কয়ড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দুই মাদক ব্যবসায়ী আটক করেন।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর পবা থানাধীন কয়ড়া নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অত:পর অদ্য তারিখ অভিযান পরিচালনা করে মাদকের ২জন আসামিকে আটক করে।
পরবর্তীতে ঔষুধ বাক্সের মাঝে লুকায়িত কার্টুন তল্লাশী করে সর্বমোট ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।
এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।
ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।
উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।