
খালেদা আক্তার, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
আজ, ৩০ অক্টোবর, পালিত হচ্ছে মানবতার অগ্রদূত, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জ্বীন হেনরি ডুনান্টের মৃত্যুবার্ষিকী। তিনি মানবতার সেবায় তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে আছেন।
১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা হেনরি ডুনান্ট ১৮৫৯ সালের সলফেরিনো যুদ্ধক্ষেত্রের ভয়াবহ দৃশ্য দেখে গভীরভাবে ব্যথিত হন। আহত সৈন্যদের সেবায় তিনি যে মানবিক উদ্যোগ নিয়েছিলেন, সেটিই পরবর্তীতে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের জন্ম দেয়।
তাঁর এই অসাধারণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯০১ সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মানবতার সেবায় তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও বিশ্বের কোটি কোটি স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার উৎস।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের উদ্যোগে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটে তাঁর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন এবং মানবতার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।