
নিজস্ব প্রতিরোধ
আসন্ন মৌচাক বাজার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মহসীন সরকার।
আজ (৪ জানুয়ারি, ২০২৬) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো: মহসীন সরকার বলেন, “মৌচাক বাজার আমাদের ব্যবসায়ীদের প্রাণের জায়গা। এই বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ ও আধুনিক সমবায় সমিতি উপহার দেওয়াই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবসময় আপসহীন থাকব।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ী ভাইদের দোয়া ও ভালোবাসায় আমি আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বাজারের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেবেন।”
উল্লেখ্য, আগামী ৩১শে জানুয়ারি, ২০২৬ ইং তারিখে মৌচাক বাজার সমবায় সমিতির বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মহসীন সরকারের মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ দেখা যায়।