
বিশেষ প্রতিনিধি, দৈনিক ডাকবেলা
ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর উত্তর এলাকায় আইন-কানুনের তোয়াক্কা না করে দশানি নদী থেকে অবাধে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাসেমের বাড়ির সংলগ্ন নদী গর্ভে ড্রেজার মেশিন বসিয়ে এই মাটি উত্তোলন করা হচ্ছে। এতে নদী তীরের জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়লেও প্রভাবশালী মহলের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
আইন লঙ্ঘনের মহোৎসব
সরকার ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ প্রণয়ন করে নদী বা ফসলি জমি থেকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ করেছে। উক্ত আইনের ১৩ ধারা অনুযায়ী, অনুমতি ব্যতীত নদী বা বালুমহাল বহির্ভূত স্থান থেকে মাটি বা বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এই আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশনা থাকলেও ইসলামপুরে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের ভূমিকা
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি উত্তোলনে জড়িত ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট মাটি বিক্রি করছে। সরকারি নদী থেকে এভাবে ড্রেজার বসিয়ে মাটি লুটে নেওয়া হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে। এলাকাবাসীর অভিযোগ, “নদী দখল আর মাটি কাটার এই উৎসব দেখার যেন কেউ নেই।”
হুমকিতে জনপদ
অবাধ ড্রেজার ব্যবহারের ফলে দশানি নদীর গতিপথ পরিবর্তনসহ বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সংলগ্ন এলাকার রাস্তাঘাট ও জনবসতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
অবৈধ এই মাটি উত্তোলন বন্ধে এবং জড়িতদের আইনের আওতায় আনতে ইসলামপুর উপজেলা প্রশাসনের দ্রুত ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।