
থানচি (বান্দরবান) প্রতিনিধি :
১। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৮ বিজিবি এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনীর অংশ হিসেবে ৩৮ বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
২। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনার এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা ৩৮ বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ৩৮ বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
৩। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে ৩৮ বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামুলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।
৪। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে ৩৮ বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
৫। গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ৩৮ বিজিবি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বান্দরবানের ০৭টি উপজেলার মধ্যে ২টি উপজেলায় ৩৮ বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
৬। এছাড়াও, ঝুঁকি বিবেচনায় ৩৮ বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবি সদর দপ্তরের বিশেষায়িত বিশেষায়িত কে-9 ডগ স্কোয়াড ইউনিট। বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক নির্বাচনকালীন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের Rapid ActionTeam (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
৭। ৩৮ বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।