
এস. এম. শাকিল আহমেদ, কালিয়াকৈর (গাজীপুর):
আজ ১৮ই মার্চ বুধবার সকাল থেকেই নাড়ির টানে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৬ জেলার মানুষের ঢল নেমেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই গুরুত্বপূর্ণ প্রবেশপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা বেশি থাকলেও প্রশাসনের কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চলছে।
সরেজমিনে দেখা গেছে, যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে নিরলস কাজ করে যাচ্ছেন। একই সাথে গণমাধ্যম কর্মীরাও মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তথ্য আদান-প্রদান ও জনসচেতনতায় অগ্রণী ভূমিকা রাখছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে আসা যাত্রীর চাপ আজ অনেক বেশি হওয়ায় পরিবহনের কিছুটা সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু অসাধু চক্র অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলেও ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা কঠোরভাবে দমন করা হচ্ছে। দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, “গাড়ির তুলনায় যাত্রী সংখ্যা অনেক বেশি। আমরা চালকদের ধীরগতিতে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আশা করা যাচ্ছে, বিকেলের মধ্যে ঢাকা থেকে আসা এই চাপ কমে যাবে এবং পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক হয়ে আসবে।”
যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে সিট না পেয়ে অনেক পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ নারী-শিশু নিয়ে খোলা ট্রাকে বা পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন। স্বজনদের সাথে ঈদ করার ব্যাকুলতা যেন সব ভয় ও ঝুঁকিকে হার মানিয়েছে।
হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে, তারা যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন। সেনাবাহিনীর টহল ও আনসার সদস্যদের উপস্থিতি মহাসড়কে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে। সব বাধা ও ভোগান্তি ছাপিয়ে মানুষ যেন নিরাপদে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারে, এটাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।