
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় শিংজানি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়নের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।
জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এছাড়াও জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা বিএনপির আহ্বায়কসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা এ অঞ্চলের মানুষের জন্য শিংজানি খাল পুনঃখনন প্রকল্পটি আশার আলো হিসেবে দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, খালটি পুনরুদ্ধার হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও প্রকল্পটি বাস্তবায়নের ফলে মৎস্য সম্পদের বিকাশ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়—বরং গোবিন্দগঞ্জ অঞ্চলের টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।