
নিজস্ব প্রতিবেদক,
এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশে দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটিই তার প্রথম ঈদ এবং জাতীয় ঈদগাহে নামাজ আদায়।
আজ সকালে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী ঈদগাহ ময়দানে পৌঁছালে তাকে স্বাগত জানান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজে শরিক হন। নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে সাধারণ মুসল্লিদের দিকে হাত বাড়িয়ে দেন এবং অনেককে জড়িয়ে ধরেন। পুরো ঈদগাহ প্রাঙ্গণ তখন ‘ঈদ মোবারক’ এবং প্রিয় নেতার নামে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দীর্ঘ ১৭ বছর পর নিজের মাটিতে, নিজের মানুষের মাঝে ফিরে এসে ঈদের আনন্দ ভাগ করতে পারা আমার জীবনের শ্রেষ্ঠ আবেগ। আমরা প্রতিহিংসা ভুলে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”