
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন পারভেজ মিয়া (৩৫)ও মিজানুর রহমান ( ৩৭)। এদিকে কসবা থানা পুলিশ কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি সীমান্তবর্তী কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিক্য মোড়ার চোরাকারবারি পপি ও ববিতার বাড়ি থেকে উদ্ধার করেছেন।
দ্বীন ইসলাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মোন্নাফ ডাকবেলাকে জানান, পারভেজ মিয়া একজন অটোচালক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ফৌজদারি আদালতে ১৬৪ ধারা মোতাবেক গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছে।
তিনি জানান পারভেজের অটো দিয়ে ঘটনার দিন অর্থাৎ ২৫ মার্চ দ্বীন ইসলামকে তার নিজের বাড়ি থেকে পিটিয়ে হেচড়িয়ে পরে পারভেজের অটোতে উঠিয়ে বুড়ি নদীর পার নিয়ে যায়। অপহরণকারীরা একই গ্রামের অধিবাসী হওয়ায় পারভেজ ওদেরকে চেনে। পারভেজ কি বলেছে আদালতে? জানতে চাইলে তিনি বলেন, আদালত থেকে আমরা এখনো কোন কপি পাইনি। কপি পাওয়ার পর আপনাদের জানাবো।
আসামি আর ধরা হচ্ছে না কেন প্রশ্ন করলে তদন্তকারী কর্মকর্তা বলেন, চেষ্টা অব্যাহত আছে তবে আসামিরা ঘন ঘন স্থান পরিবর্তন করছে।
দ্বীন ইসলামের যে মোটরসাইকেলটি গত ১৬ মার্চ বিজিবি ও দুজন সাংবাদিক নামধারী কনটেন্ট ক্রিয়েটর পিটিয়ে রেখে দিয়েছিলেন বলে তার বাবা-মা অভিযোগ করেছিলেন এ বিষয়ে ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ডাকবেলাকে বলেন, বিজিপি দুজন চোরাকারবারী মহিলার মালামাল আটক করলে মোবাইলের মালিক ভিডিও ফুটেজ ধারণ করে। এতে চন্ডীদার বিওপির কর্তব্যরত বিজিবি সদস্যরা বিব্রত বোধ করেন এবং তার মোবাইলটি আটক করেন।
পরে দুজন সাংবাদিকের মধ্যস্থতায় মুচলেকার মাধ্যমে মোবাইল ফোনটি দ্বীন ইসলাম ফেরত নেয়। বিজিবি অধিনায়ক তার মোটরসাইকেলের বিষয়ে অবগত নয় বলে জানান। তবে মোটর সাইকেলের বিষয়ে দ্বীন ইসলাম জীবিত থাকতেই চন্ডীদার বিজিবি ক্যাম্প কমান্ডার, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই আকরাম হোসেন, আলমগীর হোসেন, অনলাইন টিভি কেটিবি সম্পাদক খ,ম হারুনুর রশিদ ঢালি ও জামশেদ মিয়ার বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দিয়েছিলেন। দ্বীন ইসলাম এই অভিযোগের অনুলিপি পুলিশ সুপার, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিআইজি সহ আরো অনেককে দিয়েছেন এবং এ বিষয়ে তিনি প্রতিবেদন তৈরি করে তার” তালাশ ক্রাইম দৃষ্টি “এই পেইজে আপলোড দেন। মোটরসাইকেলটি ফেরত দিয়ে দিবেন বলে কেটিভির সম্পাদক খ,ম হারুনুর রশিদ ঢালি বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা ও নিয়েছিলেন।
গত শুক্রবার (২৭মার্চ) বিকেলে কসবা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক গোপীনাথপুর ইউনিয়নের মানিক্য মোড়া চোরাকারবারি ববিতা ও পপির বাড়ি থেকে মোটরসাইকেলটির উদ্ধার করেন।
দ্বীন ইসলামের সহযোগী ফয়সাল জানান এরা দ্বীন ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেরত দিতে তালবাহানা করায় থানাসহ দায়িত্বশীল বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছিলেন এবং এই বিষয়ে প্রতিবেদন তৈরী করে তালাশ ক্রাইম দৃষ্টি পেইজে আপলোড দেন। ফয়সাল আরও জানান রনি নামক এক নবীন কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে এই মোটরসাইকেলটি উপহার দিয়েছিলেন। বর্তমানে রনি, জামশেদ ,খ,ম ঢালি কাউকে পাওয়া যাচ্ছে না। তালাশ ক্রাইম দৃষ্টিতে এসকল ব্যক্তিদের বিরুদ্ধে দ্বীন ইসলাম বেশ কয়েকটি রিপোর্ট আপলোড করেছেন।
তার এ সকল রিপোর্টে পুলিশ ,বিজিবি, কথিত সাংবাদিকদের জড়িয়ে রিপোর্ট করায় অপরাধীচক্র তাকে আক্রমণ এবং হত্যা করতে উৎসাহিত হয়েছে বলে দাবী করছেন এলাকার সচেতন জনগোষ্ঠী।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ২৮/০৩/২০২৬ইং