
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল নামোচাকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে মোসা. পপিয়ারা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকুফ (Eskuf) এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন পপিয়ারা বেগমের স্বামী ও মামলার অন্যতম আসামি মোঃ শামির উদ্দীন (৩৯) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃত নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, মাদকের কড়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে জেলাজুড়ে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তারা সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন।