
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলী পাতাইসার ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনির হোসেনের বিরুদ্ধে প্রকাশিত অনিয়মের অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” দাবি করেছেন তিনি নিজেই। একই সঙ্গে স্থানীয় এলাকার সাহেব সর্দার, প্রবীণ মুরুব্বী ও রাজনৈতিক ব্যক্তিরাও ওই প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন অফিসের নায়েব মনির হোসেন বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব ব্যক্তি বক্তব্য দিয়েছেন, তাদের কেউ এখন পর্যন্ত ভূমি অফিসে এসে নামজারি, খাজনা কিংবা অন্য কোনো সরকারি সেবা গ্রহণ করেননি। এমনকি তাদের নামে অফিসে কোনো সেবা গ্রহণের নথিও নেই বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের অনেককে এলাকার বাসিন্দারাও সঠিকভাবে চেনেন না। দেলী পাতাইসার গ্রামের প্রবীণ ব্যক্তি ডাক্তার মিলন মিয়া বলেন, “যারা অভিযোগ করেছে বলে বলা হচ্ছে, তাদের অনেককে এই গ্রাম কিংবা ইউনিয়নের মানুষ হিসেবেও আমরা চিনি না।”
এ বিষয়ে উপজেলা বিএনপির নেতা শামসুল আলম ভূঁইয়া বলেন, “আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা। সমাজের নানা সমস্যা ও ত্রুটি-বিচ্যুতি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করি। ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তা এখন পর্যন্ত কোনো সেবাগ্রহীতার কাছ থেকে আমরা শুনিনি। তিনি একজন সদালাপী ও দায়িত্বশীল কর্মকর্তা।” তিনি আরও বলেন, তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করে একটি সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্নবিদ্ধ করা দুঃখজনক। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে একাধিক স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা যাচাই না করেই একতরফা ভাবে ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার ফলে দেলী পাতাইসার গ্রামসহ ইউনিয়ন ভূমি অফিস এবং সংশ্লিষ্ট কর্মকর্তার মানহানি হয়েছে।সংবাদ প্রকাশকদের বিরুদ্ধেও আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ঘটনার সুষ্ঠু সমাধানে লক্ষে স্থানীয়রা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির এর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।একই সঙ্গে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনির হোসেনও সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম জানান, দেলী পাতাইসার ভূমি অফিসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে যদি ভূমি অফিসের নায়েব এর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া যায় তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অনিয়মের সত্যতা না মিলে তাহলে সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।