
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ১৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ মো: সাগর মিয়া (২০) নামে এক বাংলাদেশী মাদক চোরাকারবারী যুবককে আটক করেছে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)-র সদস্যরা। আটককৃত যুবক তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের মো: রহম আলীর ছেলে।
সে শুক্রবার গভীর রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং আজ শনিবার ভোরে বাংলাদেশের বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ফেরত আসার সময় বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা তাকে আটক করেন। সীমান্ত পিলার-১১৯৩/৪-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর নামক স্থান হতে টহল দল কর্তৃক তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫,৬৭,০০০/- টাকা, মোটরসাইকেলের মূল্য ১,০০,০০০/- টাকা এবং হেলমেটের মূল্য ১,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৬৮,০০০/- (ছয় লক্ষ আটষট্টি হাজার) টাকা। আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে।