
নিজস্ব প্রতিবেদক
কুরবানির ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দ্রা এলাকায় যানবাহনের তীব্র চাপে মহাসড়ক এখন স্থবির। দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপে সৃষ্টি হয়েছে দীর্ঘ সারি। আজ সব শিল্পকারখানা ও গার্মেন্টস ছুটি হওয়ার ফলে ঘরমুখো মানুষের স্রোত যেন মহাসড়কে উপচে পড়ছে। বাসে জায়গা না পেয়ে অনেক যাত্রী ট্রাক, পিকআপ ভ্যান বা যে যেভাবে পারছেন নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বৃষ্টির ঝাপটা কিংবা তীব্র রোদ—কোনোকিছুই তাদের আটকাতে পারছে না। বাড়ির টানে, স্বজনদের সাথে কুরবানির ঈদ করার অদম্য আকাঙ্ক্ষায় তারা এই কঠিন পরিস্থিতির সাথে যুদ্ধ করে এগিয়ে চলেছেন।
পথের কষ্ট কিংবা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা—কোনো কিছুই যেন তাদের কাছে বড় মনে হচ্ছে না। বাসে বা খোলা ট্রাকের ওপর বসে থাকা এক যাত্রী কথাচ্ছলে বলেন, “ঈদে পরিবারের সবার সাথে আনন্দ করার চেয়ে বড় কিছু নেই। এই যে রোদ-বৃষ্টির ঝক্কি, জ্যামে বসে থাকা—স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার ইচ্ছার কাছে এই কষ্ট আমাদের কাছে কিছুই না। নাড়ির টানেই বাড়িতে ফিরছি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চান্দ্রা এলাকায় উপস্থিত হয়ে সরাসরি মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করছেন। মহাসড়ক সচল রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, সব কারখানা একসাথে ছুটি হওয়ার ফলে যানবাহনের যে চাপ তৈরি হয়েছে, তা আজকের রাত্রের মধ্যেই অনেকটা কমে আসবে। আগামীকাল সকালের মধ্যে মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত বা ক্লিয়ার হয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
সচেতন মহল মনে করছেন, যানজট নিরসনে পুলিশের এই সক্রিয় উপস্থিতি এবং বাড়ি ফেরার পথে যাত্রীদের এই ধৈর্য ও নাড়ির টান—সব মিলিয়ে প্রতিটি মানুষ শেষ পর্যন্ত প্রিয়জনদের সান্নিধ্যে ঈদুল আজহা উদ্যাপন করতে পারবেন।