
মোঃ শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন এবং যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি নিরাপদ, সচেতন ও উন্নত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে জেলা প্রশাসক সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেন। এছাড়া উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও ওয়াটার পিউরিফায়ার বিতরণ করা হয়।