
মোঃ শরীফুল ইসলাম, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৪৩ বোতল হুইস্কিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাকিবুল ইসলাম রাকিব নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৪৩ বোতল হুইস্কি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাকিব নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আবু নাছিরের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।