
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে প্রয়াত সাংবাদিক তুহিন হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ না হতেই আবারও এক শীর্ষ সাংবাদিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এবার হামলার শিকার হয়েছেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান। এই বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এম কাজল খানের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত এই হামলা চালায়।
হামলার শিকার এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের মধ্যে নয়ন নামে এক চিহ্নিত অপরাধী ছিল, যে এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। সাংবাদিক নেতা কাজল খান আরও দাবি করেন, এলাকার বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করা এবং আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরী ও তার সহযোগী নয়নের একটি চরম আপত্তিকর ও সংবেদনশীল ব্যক্তিগত গোপন তথ্য জেনে যাওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে তারা এই হামলা চালিয়েছে।
হামলার পরপরই এম কাজল খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদের নির্দেশে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
এদিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংস্করণে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, “সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধী যেই হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”